ওয়াসিম মিয়া, নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গণস্বাস্থ্য কেন্দ্র (জিকে) এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে মাছিহাতা সোয়েটারস লিমিটেড । স্বাস্থ্য বীমা পাইলট প্রকল্পের আওতায় আজ সোমবার সকাল দশটায় (০৫ ফেব্রুয়ারী ২০১৮) সাভারের বাড়ইপাড়াস্থ সিসিডিবি’র হোপ প্রশিক্ষন কেন্দ্রে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটির আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রকল্পটি ফ্রান্সভিত্তিক শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান অসান (Auchan) ” এর ফাউন্ডেশন “উইভ আওয়ার ফিউচার (WoF)” এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এবং এ কর্মসূচিটি মনিটরিং ও মুল্যায়ন করবে আরটিএম ইন্টারন্যাশনাল।
এই চুক্তির আওতায় আগামী চার বছর গণস্বাস্থ্য কেন্দ্র মাছিহাতা সোয়েটারস লিমিটেড এর সকল শ্রমিককে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাসহ সকল ধরনের চিকিৎসা সেবা ও সুবিধা প্রদান করবে।

এসএনভি’র ওয়ার্কিং উইথ উইমেন প্রকল্পের টিম লিডার ফারথিবা রাহাত খান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানটির প্রেক্ষাপট তুলে ধরেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র পরিচালক ও সহকারী অধ্যাপক ডা: রেজাউল হক এবং মাছিহাতা সোয়েটার্সের পক্ষে মাছিহাতা সোয়েটার্সের ডিরেক্টর মি. আশরাফুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসএনভি’র ইনক্লুসিভ বিজনেস এডভাইজর মি. জামাল উদ্দিনের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাছিহাতা সোয়েটার্সের সিনিয়র ম্যানেজার (এডমিন) মি. শরত সাহা, , জিকে’র আওতাভুক্ত সাভার হাসপাতালের চেয়ারম্যান মি. মিজানুর রহমান, চন্দ্রা এপোলো ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হোসেন,জিকে’র স্বাস্থ্য প্রোগ্রাম ও প্রশিক্ষণ বিভাগের হেড অব ফিন্যান্স এন্ড একাউন্টস মোহাম্মদ রাজিব মুন্সী, উইভ আওয়ার ফিউচার (WoF) এর প্রজেক্ট ম্যানেজার অ্যামান্ডাইন ফার্সট, আরটিএম ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মি. মাহবুবুল আলম প্রমুখ।
মাছিহাতা সোয়েটার্সের ডিরেক্টর মি. আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেন, মাছিহাতা সোয়েটারস দেশের একটি স্বনামধন্য পোশাক কারখানা। এখানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবেই গণসাস্থ্য কেন্দ্রের সাথে আমাদের আজকের এই চুক্তি সম্পাদন। জিকে’র ১ নম্বর ব্রাঞ্চটি ফ্যাক্টরীর এবং কর্মরত শ্রমিকদের বাড়ির খুব কাছাকাছি হওয়ায় বেশ সুবিধা পাবে বলে আশাপ্রকাশ করছি।
ডা: রেজাউল হক বলেন, গার্মেন্টস খাতের শ্রমিকদের স্বাস্থসেবা নিশ্চিত করতে আমরা এসএনভি, আরটিএম, অসান মিলে একটি টীম আকারে কাজ করছি। আজ এই টীমে মাছিহাতা সোয়েটার্সকে পেয়ে সত্যিই আমরা আনন্দিত। গণস্বাস্থ্য কেন্দ্র একটি ননপ্রফিট অরগানাইজেশন, এটি ৪ বছরের মেয়াদে ২০২২ সালের জানুয়ারী পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করবে।
এসময় তিনি এসএনভি কে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমাদের এই সেতুবন্ধনের নেপথ্যে এসএনভি’র ভূমিকা সর্বাগ্রে। আমি আশা করি ভবিষ্যতেও তারা আমাদের সাথেই থাকবে।
উইভ আওয়ার ফিউচার (WoF) এর প্রজেক্ট ম্যানেজার অ্যামান্ডাইন ফার্সট তার বক্তব্যে বলেন, আমাদের এই পাইলট প্রকল্পে মাছিহাতা সোয়েটার্স লিমিটেড ও জিকে’র অংশগ্রহনকে স্বাগত জানাচ্ছি। আমরা এই প্রকল্পের আওতায় আগামী ৪ বছরে ২০০০০ শ্রমিককে সেবা দিতে পারবো। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এতে রয়েছে ফ্রি মেডিক্যাল কেয়ার ও শিশু পরিচর্যা কেন্দ্র। দুপুরে উন্নতমানের খাবারের পাশাপাশি মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিও প্রদান করছি। আশা করছি, স্বাস্থ্য বীমা প্রকল্প থেকে আমাদের শ্রমিকরা আরো বেশি সুবিধা পাবে।
মতামত লিখুন :