Logo

৬০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নিত্যপণ্য বিতরণ করলো বা’সচ

RMG Times
শনিবার, এপ্রিল ৪, ২০২০
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের নেয়া পদক্ষেপ একদিকে যেমন আশা জাগিয়েছে, অন্যদিকে আয়ের উৎস  অনেকটাই বন্ধ হওয়ায় দৈনিক খেটে খাওয়া মানুষগুলো  করছে মানবেতর জীবন যাপন। এমন বেশ কিছু পরিবারের প্রয়োজনে সহযোগিতার হাত প্রসারিত করেছে দেশের তৈরি পোশাক খাতে কর্মরত মানব সম্পদ, প্রসাশন ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত পেশাজীবিদের সংগঠন ‘বাংলাদেশ এডমিন, এইচআর, কমপ্লায়েন্স এন্ড ওয়েলফেয়ার সোসাইটি (বা’সচ)’।

তাদের জীবন যাপনকে  স্বাভাবিক রাখার প্রত্যয় নিয়ে সংগঠনটির উদ্যোগে গতকাল সাভার ও তার আশেপাশের এলাকার ৬০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপণ্য (চাল, আটা, ডাল, তেল, আলু, পেয়াজ, সাবান ও মাস্ক) বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি জনাব কবিনুর রহমান কবির জানান, সারা বিশ্ব আজ করোনা আতংকে স্থবির। আমাদের দেশে পরিস্থিতি এতটা বেগতিক হয়ে যায়নি এখনও। তাই করোনা মোকাবেলায় সরকার গৃহিত বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি আমরা যদি স্ব স্ব জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে জীবনযাত্রা ব্যাহত হবে না, কেউ অনাহারেও থাকবে না।

তিনি আরও বলেন, আমরা আজ যাদের নিত্যপণ্য বিতরণ করলাম, তাদের কেউই ভিখারী নয় বরং সবাই খেটে খাওয়া মানুষ। পরিস্থিতির স্বীকার হয়ে আজ তারা আমাদের সামনে এসেছিলেন মাত্র।

এসময় যারা অর্থের যোগান দিয়েছেন এবং শ্রম দিয়েছেন তাদেরসহ সংগঠনের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বা’সচ সভাপতি।

সবশেষে, দেশের এই ক্রান্তিলগ্নে বা’সচ পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সকলকে সামর্থ্য অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে সাহায্য-সহযোগিতা করার আহ্বান জানায় সংগঠনটি।