ডেস্ক রিপোর্ট: সাভারের বিভিন্ন এলাকায় বকেয়া বোতনের দাবিতে ও ছাটাইয়ের প্রতিবাদে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে আশুলিয়ার ১০টি কারখানার সামনে বকেয়া বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ , এই মাসের প্রথমে বেতন দেয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা না দিয়ে টালবাহানা করতে থাকে। এছাড়াও বেতন না দিয়ে ফোন করে ও নোটিশ টাঙিয়ে অহেতুক শ্রমিক ছাটাই করছে।
এ বিষয়ে শ্রমিক নেতা সারোয়ার হোসেন বলেন, কারখানা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সংগঠনসহ (বিজিএমইএ) আমরা একটি চুক্তি করেছিলাম। কিন্তু মালিক তা মানেনি। কারখানার শ্রমিকদের বেতন দেননি। শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে। তারা এখন কোথায় যাবে?
বেতনের দাবিতে টেঙ্গুরী পুকুরপাড় এলাকার গ্লোরিয়াস ড্রেস লিমিটেড, ফ্রাওলেন ফ্যাশন লিমিটেড, কুটুরিয়ার জেড এ অ্যাপারেলস লিমিটেড, একই এলাকার টপ গ্রেড ওয়াশিং লিমিটেড, নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেড, আদিয়ার অ্যাপ্যারেলস লিমিটেড, খেজুরবাগান এলাকার ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, কাঠগড়ার ফিউসার ক্লোথিং লিমিটেড ও জিরানির ফ্রাউলিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এবং কবিরপুর এলাকার পলমল গ্রুপের একটি কারখানার সামনে ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।
অন্যদিকে দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা -ডিইপিজেড এর সামনে কয়েকটি কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছে।
মতামত লিখুন :