Logo

প্রণোদনায় শ্রমিকদের পাশাপাশি কর্মকর্তাদেরকেও সামিল করার আবেদন জানালো ‘চাওয়া’

RMG Times
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০
  • শেয়ার করুন

ওয়াশিম মিয়া, নিজস্ব প্রতিনিধি: সরকার কর্তৃক ঘোষিত আর্থিক প্রণোদনার স্বল্প সুদে ঋণের আওতায় পোশাক শ্রমিকদের পাশাপাশি কর্মকর্তাদেরকেও বেতন-ভাতা প্রদানে সামিল করার অনুরোধ জানিয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত সংশ্লিষ্ট পেশাজীবি সংগঠন ‘কমপ্লায়েন্স এ্যান্ড এইচআর অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশণ (চাওয়া)’।

১২ এপ্রিল ২০২০ সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব শাকিল মাহমুদ বাংলাদেশ ব্যাংক বরাবর এ আবেদন জানান।

এর আগে গত ২৫শে মার্চ (বুধবার)সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানিমুখী শিল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা দেন এবং বলেন এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে।

পরে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত সার্কুলারের (ঙ) নং শর্তে উল্লেখ করা হয়েছে যে, এ তহবিল হতে কোনভাবেই শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান করা যাবে না |

সংগঠনের পক্ষ থেকে আবেদনে বলা হয়, শতভাগ রপ্তানীমূখী তৈরী পোশাক শিল্পে ৪৫ লক্ষ শ্রমিক ছাড়াও প্রায় সাড়ে ৯ লক্ষ কর্মকর্তা রয়েছে যারা মানবসম্পদ, প্রশাসন, কমপ্লায়েন্স, মার্চেন্ডাইজিং, মার্কেটিং, কমার্শিয়াল, প্রোডাকশন, কোয়ালিটি বিভাগে কর্মরত এবং সকলেই এ শিল্পের উৎপাদন, আমদানী-রপ্তানীর কার্যক্রমে সরাসরি জড়িত । তাছাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষন অনুযায়ী দেশের একজন মানুষও অনাহারে থাকবে না | এ দুঃসময়ে কর্মকর্তাদেরকে বাহিরে রেখে শুধুমাত্র শ্রমিক-কর্মচারীকে প্রণোদনার মাধ্যমে বেতন-ভাতা দেয়ার সিদ্ধান্ত একটি অমানবিক ও আত্মঘাতী।

করোনা মহামারীর চরম এ দুঃসময়ে মানবিক দিক বিবেচনা করে শ্রমিক-কর্মচারীদের মতো কর্মকর্তাদেরকেও প্রণোদনার আওতাভূক্ত করে বেতন-ভাতা দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংক বরাবর সার্কুলার জারী করার জন্য্ও এতে অনুরোধ জানানো হয়।