Logo

ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের

RMG Times
রবিবার, মে ৬, ২০১৮
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: দেশের তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি।

এসময় বাংলাদেশের পোশাক শ্রমিকরা এশিয়ায় সবচেয়ে কম মজুরি পায় বলে উল্লেখ করে বক্তারা বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থানে থাকা বাংলাদেশের পোশাক শ্রমিকরা মজুরি হিসেবে মাত্র ৬৭ মার্কিন ডলার (৫৩০০ টাকা)  যেখানে ভারতে ১৬৮ মার্কিন ডলার, কম্বোডিয়ায় ১৭০ মার্কিন ডলার, পাকিস্তানে ১২৪ মার্কিন ডলার, ভিয়েতনামে ১৫৪ এবং মিয়ানমারে ৮৬ মার্কিন ডলার দেয়া হয়।

সূত্র-ইউএনবি

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৬ সালে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, আশুলিয়া এবং নারায়ণগঞ্জে একটি জরিপ চালানো হয়। যেখানে দেখা যায়, চার সদস্যের একটি গার্মেন্ট শ্রমিকের পরিবারের বেঁচে থাকার জন্য প্রতি মাসে কমপক্ষে ১৯ হাজার ২১৭ টাকা প্রয়োজন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক জেএম কামরুল আনাম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং বাসা ভাড়া বৃদ্ধির কারণে এতো কম মজুরিতে একজন গার্মেন্ট কর্মীর জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ১০ হাজার টাকা মূল বেতন ধরে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করতে হবে এবং আগামী আগস্ট মাসের মধ্যে এই দাবি পূরণ করতে হবে।

এছাড়া বক্তারা বছরে ১০ শতাংশ ইনক্রিমেন্ট, তিন মাস শিক্ষানবিশ এবং মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানান।

অন্যান্যদের মদ্ধে যুগ্ম আহ্বায়ক লিমা ফেরদৌস এবং আবুল হাসান এসময় উপস্থিত ছিলেন।