Logo

অ্যাকর্ডের অধীনে থাকা ২০ কারখানা আরসিসি’র কাছে হস্তান্তর

RMG Times
শনিবার, অক্টোবর ২৭, ২০১৮
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: পোশাক কারখানার সংস্কার কাজের তদারকিতে থাকা ইউরোপীয় দেশগুলোর ক্রেতাদের জোট অ্যাকর্ড তাদের কারখানাগুলো রিমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল বা সংস্কারকাজ সমন্নয় সেলের (আরসিসি) কাছে হস্তান্তর শুরু করেছে। তৈরি পোশাক কারখানার সংস্কারকাজে সমন্বয়ের উদ্দেশ্যে গঠিত আরসিসি’র কাছে হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যাকর্ড (অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ) ঢাকা, গাজীপুর এবং চট্টগ্রামের ২০টি কারখানা হস্তান্তর করেছে। এর মধ্যে ঢাকায় ১২টি, গাজীপুরে ৫টি এবং চট্টগ্রামের ৩টি কারখানা রয়েছে।

পোশাক কারখানার সংস্কারকাজ সমন্বয়ের জন্য বাংলাদেশ সরকার গত বছরের ১৪ মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অধীনে আরসিসি গঠন করে। ইতোমধ্যে আরসিসি’র সক্ষমতা বাড়ানো হয়েছে, জনবলও বাড়ানো হয়েছে। কারখানা ভবনের কাঠামোগত নিরাপত্তা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং আর্ন্তজাতিক শ্রম সংস্থা-আইএলও যৌথভাবে শতাধিক প্রকৌশলী নিয়োগ দিয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের মর্মান্তিক রানা প্লাজার দুর্ঘটনার পর ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড’এবং আমেরিকার দেশগুলোর ক্রেতাদের জোট ‘এ্যালায়েন্স’দেশের পোশাক কারখানাগুলোর নিরাপত্তা জোরদার এবং সংস্কার কার্যক্রমে অংশ নেয়।