ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণ দেখিয়ে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ৭০৯ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আশুলিয়ার নরসিংপুর এলাকার ‘সিগমা ফ্যাশন লিমিটেড’ কারখানার দেয়ালে ছাঁটাই সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

নোটিশে বলা হয়, বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত হওয়ায় সিগমা প্রতিষ্ঠানের সব রপ্তানিজাত পণ্যের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এবং আন্তর্জাতিক ক্রেতাদের সব ক্রয়াদেশ বাতিল হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে গত ০১ এপ্রিল ২০২০ থেকে আগামী ৩১ মে পর্যন্ত করাখানা লে-অফ ঘোষণা করা হয়। এ অবস্থায় কারখানাটি সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই নোটিশে থাকা শ্রমিক ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২, ১৬ এবং ২০ অনুযায়ী ১৮ এপ্রিল থেকে ছাঁটাই করা হলো। সরকারি ডাক বিভাগ খোলা সাপেক্ষে ছাঁটাইকৃত শ্রমিকদের স্থায়ী ঠিকানায় ছাঁটাইয়ের চিঠি পাঠানো হবে।
ছাঁটাই হওয়া এক নারী শ্রমিক বলেন, করোনার কারণে কারখানা বন্ধ হলো। আমরা যার যার বাসায় অবস্থান করছি। ঘর ভাড়া বাকি আছে, ঘরে চাল নেই, বাড়ি যে যাব সেই টাকাও নেই। আর চাইলেই তো বাড়ি যেতে পারছি না। কারখানা কর্তৃপক্ষ আমাদের এভাবে ছাঁটাই করল, আমরা এখন কী করবো? চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।
মামুন নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা ছাঁটাই মানি না। আমরা চাকরি ফিরে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন চাই।’
এ বিষয়ে স্থানীয় শ্রমিক নেতা আল-কামরান বলেন, ‘এই দুর্যোগের মধ্যে পোশাক কারখানায় লে-অফ ও শ্রমিক ছাঁটাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই সংকটে চাকরি হারালে শ্রমিকদের মৃত্যুর পথ বেছে নিতে হবে।’
এ প্রসঙ্গে কথা বলতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ঢাকা শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, শিল্প পুলিশের পক্ষ থেকে বারবার কারখানা মালিকদের বলা হয়েছে, তারা যেন শ্রমিক ছাঁটাই না করেন। তারপরও প্রতিনিয়ত ফোন পাচ্ছি। সমস্যা সমাধানের চেষ্টা করছি।
মতামত লিখুন :