ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স এর উদ্যোগে জাহাজভাঙ্গা শিল্পে শোভন কাজ: পক্ষসমূহের করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক আজ ২২ ডিসেম্বর ২০১৯ আজিমুর রহমান কনফারেন্স হল, ডেইলি স্টার সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হয়।
বিল্স উপদেষ্টা পরিষদ সদস্য শাহ মোহাঃ আবু জাফর এর সভাপতিত্বে এবং বিল্স সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর মহাপরিদর্শক শিবনাথ রায়। আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীন আখতার, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিদর্শক মোঃ আল আমিন, বাংলাদেশ মেটাল ফেডারেশনের সভাপতি এ এম নাজিমউদ্দিন, জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত, যুগ্ম আহ্বায়ক মু. সফর আলী, সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর প্রতিনিধি চৌধুরী আশিকুল আলম, আইএলও প্রতিনিধি সাহাবুদ্দীন আহমেদ, বাংলাদেশ মেটাল লীগ এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ। এছাড়াও জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, মানবাধিকার সংগঠনসমুহ, সংশ্লিষ্ট সরকারী পক্ষসমূহ, আইনজীবী এবং বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ গোল টেবিল আলোচনায় উপস্থিত ছিলেন।

জাহাজ ভাঙ্গা শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং এ শিল্পে বিভিন্ন পক্ষসমুহের ভূমিকা নির্ধারণের মধ্য দিয়ে শোভন কাজ ভিত্তিক শিল্প হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল এ গোলটেবিল বৈঠকের মুল উদ্দেশ্য।
বৈঠকে বক্তারা বলেন বিদ্যমান পরিস্থিতিতে জাহাজ ভাঙ্গা শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ। তারা অভিযোগ করেন এ শিল্পে উচ্চ আদালতের নির্দেশ মানা হচ্ছে না। জাহাজ ভাঙ্গা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকার কারণে জাহাজ ভাঙ্গা শিল্পে নিয়মিত দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু হচ্ছে। অসহায় হচ্ছে তাদের পরিবার। এছাড়া জাহাজ ভাঙ্গা শিল্প শ্রমিকদের নিয়োগ এবং পরিচয়পত্র প্রদান করা, শ্রম আইন সংশোধন করে ট্রেড ইউনিয়ন করার অধিকার কার্যকর করা, সরকার ঘোষিত নি¤œতম মজুরি বাস্তবায়ন করা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক নিয়মিত ইয়ার্ড পরিদর্শন করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে শিবনাথ রায় বলেন, জাহাজ ভাঙ্গা শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন এত কম জনবল দিয়ে সকল কারখানা পরিদর্শন করা সম্ভব হয় না। যার কারনে শ্রম আইনের সঠিক বাস্তবায়ন হচ্ছে না। জাহাজ ভাঙ্গা শিল্পে যেসব সরকারি সংস্থা কাজ করে তাদের সমন্বিতভাবে কাজ না করার ফলে এর সুফল শ্রমিকরা পাচ্ছে না। গার্মেন্টস সেক্টরের মত অন্যান্য সেক্টরেও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।
মতামত লিখুন :