ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক খাতের নিরাপত্তার তদারকিতে গঠিত উত্তর আমেরিকাভিত্তিক ক্রেতাদের পরিদর্শন প্রতিষ্ঠান নিরাপনের কারখানার পরিদর্শন কার্যক্রমকে পুনরায় চালিয়ে নিয়ে যেতে দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পোশাক ও পাদুকা খাতের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অ্যাপারেল এন্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)’।
গত বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা এক বার্তায় এ আহ্বান জানান এএএফএ’র প্রধান নির্বাহী রিক হেলফেনবেইন।

বার্তায় রিক হেলফেনবেইন বলেন, শ্রমিকদের নিরাপত্তাকে টেকসই করার লক্ষ্যে বাংলাদেশের ৬শতাধিক তৈরি পোশাক কারখানার অবকাঠামোগত, বৈদ্যুতীক ও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে উত্তর আমেরিকার ২৩ টি ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত নিরাপন কাজ করে যাচ্ছে। নিরাপনের লক্ষ্য সরকারি কোন কাজের সাথে দ্বন্দ সৃষ্টি করা নয় বরং তা বেগবান করা। নিরাপনের স্থগিতাদেশ শ্রমিকদের নিরাপত্তাকে হুমকীর মুখে ফেলতে পারে তাই তাদের নিরাপত্তাকে আজ এবং আগামীতেও বজায় রাখার জন্য নিরাপনের কার্যক্রমকে চালিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাই।
উল্লেখ্য, ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে পাঁচ বছরের জন্য উত্তর আমেরিকার ক্রেতাদের সমন্বয়ে অ্যালায়েন্স গঠিত হয়। ক্রেতাদের এই জোটের অধীনে বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত ত্রুটি পরিদর্শনের পর সংস্কারকাজ করে ৬৫২ পোশাক কারখানা। কারখানাগুলোর সংস্কারকাজ শেষ হয় ৯৪ শতাংশ।
গত ডিসেম্বরে অ্যালায়েন্স বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। আর চলতি বছরের ২৯ এপ্রিল নিরাপনের যাত্রা শুরু হয়। সেদিন এক অনুষ্ঠানে নিরাপনের পক্ষ থেকে জানানো হয়, কারখানার নিরাপত্তা পর্যবেক্ষণ ও তদারকি করবে নিরাপন। কারখানা পরিদর্শনে প্রাপ্ত ফলাফলও পর্যালোচনা করবে। ৬০ দিন অন্তর অন্তর কারখানার বিষয়ে প্রতিবেদন তৈরি করা হবে।
মতামত লিখুন :