Logo

৫০ হাজার মেডিকেল পিপিই বিতরণ করছে আজমাত গ্রুপ, বিনা পারিশ্রমিকে কাজ করছে শ্রমিকরা

RMG Times
বুধবার, এপ্রিল ১, ২০২০
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে  সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সাথে দেশের অনেক পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। মেডিকেল পিপিই সংকটে করোনা’র চিকিৎসা সেবায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমনই সংকটময় পরিস্থিতিতে নিজস্ব উদ্যোগে বিনামূল্যে ৫০ হাজার পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) বিতরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের খ্যাতনামা রপ্তানীমূখী পোশাক শিল্প পরিবার আজমত গ্রুপ। আর এমন মহতী উদ্যোগে বিনা পারিশ্রমিকে নিরলসভাবে কাজ করে চলেছে প্রায় পাঁচ শতাধিক পোশাক শ্রমিক।

জানা যায়, ঢাকার আশুলিয়ায় অবস্থিত আজমাত গ্রুপের শিল্প প্রতিষ্ঠান আজমত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় তৈরী হচ্ছে এসব পিপিই। কারখানাটি ৪ এ্রপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলেও প্রায় পাঁচ শতাধিক পোশাক শ্রমিক ছুটি না কাটিয়ে কারখানায় ফিরে এসেছে। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে তৈরী করছে পিপিই। পরিশ্রমের সাথে যোগ করেছে অকৃত্রিম ভালোবাসা। ছুটির দিনে কাজ করার বিনিময়ে প্রতিষ্ঠানটি পারিশ্রমিক দিতে চাইলেও সানন্দে ফিরিয়ে দিয়েছে পারিশ্রমিক নেয়ার প্রস্তাব।

গত ২৫ মার্চ থেকে পিপিই তৈরির কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৩০ হাজার বিতরণ করা হয়েছে। আজ বুধবার পর্যন্ত আরো ১২ হাজার পিপিই তৈরি শেষ। বাকি আট হাজারের কাজ শেষ হলে তারপর ছুটিতে যাবেন শ্রমিকরা।

আজমাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মি. আজমাত রহমান আরএমজি টাইমসকে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি নিজ উদ্যোগে ৫০ হাজার মেডিকেল পিপিই তৈরী ও বিতরণের উদ্যোগী হোন। কিন্তু পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার পরে পিপিই কিভাবে উৎপাদন করা যাবে সেটা নিয়ে ছিল দুশ্চিন্তা। ছুটি পেয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক বাড়ি চলে যায়। কিন্তু প্রায় পাঁচ শতাধিক শ্রমিক  তাদের আহ্বানে সাড়া দেয়। ছুটির দিনে অতিরিক্ত শ্রম দেয়ার বিপরীতে পারিশ্রমিক দিতে চাইলেও শ্রমিকরা পারিশ্রমিক নিতে রাজি হননি। শ্রমিকদের এমন উদারতায় উনি কৃতজ্ঞতা ও বিস্ময় প্রকাশ করেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলের কাছে পিপিই হস্তান্তর করছেন আজমাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. আজমাত রহমান।

তিনি আরো জানান, ইতিমধ্যে প্রায় ৩০ হাজার পিপিই তৈরী করে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ , বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসব পিপিই পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মী, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, বরিশাল রেঞ্জের পুলিশ, আনসার বাহিনী সহ বিভিন্ন ভবনের নিরাপত্তা কর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয়।

তিনি বলেন, করোনা মোকাবিলায় আজমাত গ্রুপ সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।