ডেস্ক রিপোর্ট: বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বাড্ডা, মহাখালী ও দারুস সালামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করে।
জানা গেছে, সামসুর রিজিয়া ফ্যাশনস লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলেও, বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হন শ্রমিকরা। করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।
এছাড়া সকাল ৯টার দিকে মহাখালীতে এম ইউ ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানায়, আজ বেতন দেয়ার কথা থাকলেও, কথা রাখেনি কারখানা কর্তৃপক্ষ।
এদিকে রাজধানীর বাড্ডায় বেতনভাতার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে করেছেন। বুধবার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তবে বেশিক্ষণ এ বিক্ষোভ চলেনি। স্থানীয় কমিশনার মাসুম গনির আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।
অন্যদিকে, মিরপুরের দারুস সালাম এলাকতেও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ‘নিড ফ্যাশন লিমিটেড’ এবং ‘এমিচি অ্যাপারেলস লিমিটেড’ নামের দুটি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে দারুসসালাম সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার নিশ্চয়তা দিলে সকাল ১০টার দিকে শ্রমিকরা তাদের কর্মসূচি তুলে নেন, বলেন তিনি।
মতামত লিখুন :