ডেস্ক রিপোর্ট: সারাদেশে এখন পর্যন্ত এক হাজার ২৩৫টি তৈরি পোশাক কারখানায় মার্চ মাসের বেতন হয়েছে। এর মধ্যে বিজিএমইএ’র সদস্যভুক্ত কারখানা ৯১৭টি ও বিকেএমইএ’র সদস্যভুক্ত কারখানা ৩১৮টি। আর নির্দিষ্ট সময়েই বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সোমবার বিজিএমইএ সূত্রে জানা গেছে, বিজিএমইএ’র ২২৭৪ সদস্য কারখানার মধ্যে ৯১৭টি পোশাক কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার ১২৪টি, গাজীপুরে ৩৫৯টি, সাভার-আশুলিয়ায় ২০৭টি, নারায়ণগঞ্জে ৮২টি, চট্টগ্রামের ১১৪টি ও অন্যান্য এলাকার ৩১টি কারখানায় মার্চ মাসের বেতন হয়েছে।
এদিকে বিকেএমইএ সূত্রে জানা গেছে, চালু থাকা ৮৩৩টি কারখানার মধ্যে ৩১৮টিতে মার্চ মাসের বেতন হয়েছে। আরও বেশকিছু কারখানাও বিছিন্নভাবে বেতন দিচ্ছে।
এর আগে, রোববার বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ১৬ তারিখের মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ করার কথা রয়েছে। সেই সময় এখনো অতিক্রম হয়নি। আমরা আশাবাদী, ৮০ ভাগ কারখানা এই সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ করে ফেলবে। আমরা সব সদস্যকে অনুরোধ করেছি, তাদের গেটগুলোতে বেতন দেওয়ার নির্দিষ্ট তারিখসহ পরিষ্কার নোটিশ দিতে। শ্রমিকরা আশ্বাস পেতে চায়। বেতন দেওয়ার সঠিক তারিখ নিশ্চিত করা মালিকদের দায়িত্ব।
বিকেএমইএ পরিচালক ফজলে শামীম এহসান সোমবার বলেন, আমাদের ৮৩৩টি কারখানার মধ্যে ৩১৮টিতে মার্চ মাসের বেতন হয়েছে। আরও বেশকিছু কারখানাও বিছিন্নভাবে বেতন দিচ্ছে। আশা করি, ১৬ তারিখের মধ্যে সব কারখানায় বেতন হয়ে যাবে।
মতামত লিখুন :