ওয়াশিম মিয়া, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো ১৬,০০০ টাকা নির্ধারণ করার দাবী জানিয়েছে ইন্ডাষ্ট্রীঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ)সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান আইবিসি’র মহাসচিব মো. তৌহিদুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমিরুল হক আমিন, জেড এম কামরুল আনাম, সালাউদ্দিন স্বপন, বদরুদ্দোজা নিজাম, নাজমা আক্তার, রুহুল আমিন, হেদায়েতুল ইসলাম, নুরুল ইসলাম, শহীদুল্লাহ বাদল প্রমুখ।
তৌহিদুর রহমান বলেন, বর্তমান বেতন কাঠামোর মাধ্যমে শ্রমিকদের পক্ষে কোন ভাবেই তাদের পরিবারের সমুদয় খরচ বহন করা সম্ভব নয়। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং বাড়ি ভাড়া যে হারে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে মাত্র ৫,৩০০ টাকায় প্রয়োজন মিটিয়ে একজন শ্রমিকের বেঁচে থাকাই খুব কষ্টসাধ্য।
২০১৬ সালের শেষের দিকে ঢাকা, গাজিপুর, আশুলিয়া, নারায়নগঞ্জ ও চট্টগ্রামে চালিত এক জরিপের উদ্বৃতি দিয়ে তিনি আরও বলেন, একজন শ্রমিকের ৪ সদস্য বিশিষ্ট পরিবারের ভরণপোষণের জন্য প্রতিমাসে কমপক্ষে ১৯,২১২ টাকা প্রয়োজন।
তাই তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অবস্থানে থাকা বাংলাদেশের শ্রমিকদের ১৬,০০০ টাকা ন্যূনতম বেতনের এই দাবী যথেষ্ট যুক্তিযুক্ত ও সময় উপযোগী বলে উপস্থিত বক্তারা মন্তব্য করেন।
মতামত লিখুন :