ডেস্ক রিপোর্ট: সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হলেও পোশাক শ্রমিকদের ছুটি বাড়ানো হয়নি। এখন পর্যন্ত পূর্বনির্ধারিত ২৫ তারিখ পর্যন্তই ছুটি তাদের। আগামীকাল রোববার (২৬ এপ্রিল) থেকে কারখানাগুলো খোলার কথা থাকায় কর্মস্থলের দিকে ছুটছেন পোশাককর্মীরা।
এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পোশাককর্মীরা। বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

শনিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পোশাককর্মীদের ভোগান্তির চিত্র চোখে পড়ে।
মহাসড়কে গিয়ে দেখা যায়, গণপরিবহন বন্ধ থাকায় হেঁটেই গাজীপুর-ঢাকার দিকে যাচ্ছেন শ্রমিকরা। তাদের বেশিরভাগই উত্তরবঙ্গ, জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকার বাসিন্দা। অনেকে সিএনজি অটোরিকশায় করে যাচ্ছেন। ট্রাক বা পিকআপ ভ্যান পেলে সেটিতে ওঠার চেষ্টা করছেন অনেকে।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তাদেরকে ২৬ এপ্রিল কাজে যোগ দিতে বলা হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ানো হলেও তাদের ছুটি বাড়ানোর বিষয়ে কিছু বলেনি কারখানা কর্তৃপক্ষ। ফলে ঝুঁকি নিয়েই তারা বাড়ি থেকে বের হয়েছেন।
শ্রমিকরা বলছেন, কাজে যোগ না দিলে তাদের চাকরি চলে যাবে। তাছাড়া, এক মাস ঘরে বসে থাকায় তাদের জমানো টাকা শেষ হয়েছে। তাই ঝুঁকি সত্বেও তারা কাজের জন্য যাচ্ছেন।
ভূঞাপুর থেকে গাজীপুরের পথে রওনা হওয়া রাসেল নামের এক গার্মেন্টস শ্রমিক বলেন, ‘সবার সাধারণ ছুটি বেড়েছে, কিন্তু আমাদের ছুটি বাড়ানো হয়নি। আবার গাড়িও বন্ধ। তাই হেঁটেই রওনা হয়েছি। গাড়ি না পেলে এভাবেই যেতে হবে। যাবার পর সেদিনের মতো আবারও যদি মধ্যরাতে ছুটির ঘোষণা দেওয়া হয়, তবে হয়তো আবারও এমন করে হেঁটেই আসতেই হবে।’
জুয়েল নামের আরেক শ্রমিক বলেন, ‘অফিসের বড় স্যারদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে, কাল থেকে অফিস খোলা। যেভাবেই হোক তোমাদের আসতে হবে। তাই অটোভাড়া ১০ টাকার বদলে ১০০ টাকা, সিএনজি ভাড়া ৫০ টাকার বদলে ২০০ টাকা দিয়ে কিছু পথ এসেছি। আর বাকিটা হেঁটেই যাচ্ছি।’
পোশাক শ্রমিক রব্বানী বলেন, ‘এর আগে কারখানা বন্ধের কথা শুনে অনেকেই যেতে পারেনি। তাদের মধ্যে ৬৫ জনকে ছাঁটাই করছে। তাই যারা যেভাবে পারছে কারখানায় যাচ্ছে। যারা যেতে পারছেন না, দেখা যাবে তাদের ছাঁটাই করা হচ্ছে।’
এর আগে গত ৪ এপ্রিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এমন চিত্র দেখা গিয়েছিল। ৫ এপ্রিল পোশাক কারখানা খোলার কথা থাকায় এভাবেই নানা ভোগান্তি সয়ে কর্মস্থলে গিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু পরে কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় তাদের ফিরে আসতে হয়।
#রাইজিংবিডি
মতামত লিখুন :