Logo

করোনা পরিস্থিতি মোকাবেলায় ২০০০ পরিবারের পাশে দাঁড়ালো জিএমএস কম্পোজিট

RMG Times
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২০
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের তান্ডবে স্থবির গোটা বিশ্ব ও জনসাধারণ। করোনার আঁচের মধ্যে বাদ যাচ্ছে না কেউ। বিশ্বের প্রথম সারির দেশগুলোতো হানা দিয়েই নিস্তার নেয়নি এই মারাত্মক ভাইরাস, পৌঁছেছে আমাদের দেশেও। বিশেষ করে পোশাক খাতে এর ঝুঁকিটা সবচেয়ে বেশি কারণ দেশের প্রায় প্রতিটা প্রান্ত থেকেই এ খাতে কাজ করে ৪০ লক্ষাধিক মানুষ। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার গৃহীত লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। অধিকাংশ পরিবারেই দেখা দিয়েছে খাদ্যসামগ্রী ও নিত্যপণ্যের অভাব। দেশের এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে তৈরি পোশাক কারখানা জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গোলাম মোস্তফা তার নিজের এলাকা যশোরের জিকরগাছায় ২০০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপণ্য বিতরণ করেন। প্রতিটা পরিবারের জন্য ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি তেল ও একটি করে সাবান। এছাড়াও তিনি তার কারখানার কর্মরত শ্রমিক এবং আশপাশের এলাকার জনসাধারণের মাঝে ১ লক্ষ ফেস মাস্ক বিতরণ করেন।

এর বাইরেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত বেতনসহ ছুটির সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রতিষ্ঠানটি জানায়, করোনা পরিস্থিতিতে তারা লে অফের বিষয়টি আপাতত চিন্তা করছেনা। এছাড়াও শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের শ্রমিকদের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এসময় করোনা মোকাবেলায় সমাজ ও দেশের প্রয়োজনে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে জিএমএস।