Logo

গাজীপুরে পোশাক শ্রমিকদের জন্য আদিফা মেমোরিয়াল ট্রাস্টের বিনামূল্যে চিকিৎসা সেবা

RMG Times
শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
  • শেয়ার করুন

আদিফা মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে গাজীপুরের শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা হাসান তানভীর ফ্যাশন ওয়্যার্স লিমিটেড-এর শ্রমিকদের জন্য অনুষ্ঠিত হয়েছে “আদিফা স্মৃতি স্যাটেলাইট মেডিক্যাল ক্যাম্প”। এ কর্মসূচির আওতায় শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণের সুযোগ পান।

চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসাল্ট্যান্ট ডা. শিরিন আক্তার। তিনি শতাধিক শ্রমিকের সঙ্গে কথা বলেন, তাদের নানা শারীরিক সমস্যা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনধারাভিত্তিক পরামর্শ দেন। শ্রমিকদের অনেকে এ ধরনের সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

গত ২৮ আগষ্ট সকালে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন নীটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক (কারখানা) জনাব রেজা মাহমুদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শ্রমিকরা আমাদের শিল্পের প্রাণ। তাদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি যত্নবান হওয়া আমাদের দায়িত্ব।”

এ সময় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার্স লিমিটেডের পরিচালক (অপারেশন) জনাব মেহেবুব ইসলাম আদিফা মেমোরিয়াল ট্রাস্টের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমাদের শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদানে এ আয়োজন অত্যন্ত সময়োপযোগী। শ্রমিক কল্যাণের এই কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করবে।” তিনি কারখানাকে সর্বপ্রথম বেছে নেওয়ার জন্য এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং তাদের কর্মক্ষমতা ধরে রাখতে এ ধরনের উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আদিফা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকেও জানানো হয়, ভবিষ্যতে আরও কারখানায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করা হবে।